ভূরুঙ্গামারীতে গরুর হাটে অভিযান, অতিরিক্ত হাসিল আদায়ে ইজারাদার গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্, জুন ১, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে গরুর হাটের ইজারাদার ফরিদুল হক শাহিন শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার গরুর হাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

আটক শাহিন শিকদার সাবেক বিএনপি নেতা ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল হাট পরিদর্শনে গেলে স্থানীয়রা অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ তোলেন। টহল দলের কমান্ডার রশিদ যাচাই করে দেখতে পান, সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

অভিযোগের সত্যতা মিললে শাহিন শিকদারকে আটক করা হয় এবং পরে থানায় সোপর্দ করা হয়।

টহল দলের কমান্ডার জানান, অতিরিক্ত হাসিল আদায় একটি শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রশাসন জানিয়েছে, হাটে অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থ রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Nagad