জামায়াতের নিবন্ধন বৈধ ঘোষণা: দ্রুত পূর্ণ অধিকার প্রত্যাশা ডা. শফিকুর রহমানের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহন, জুন ১, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নতুন রায় দিয়েছে। এতে দলটির নিবন্ধন বৈধতা ফিরে পেল।

রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়ায় শুকরিয়া আদায় করেন।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বাতিল করেছে। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই, আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ রাজনৈতিক অধিকার ফিরে পাই। আমিন।’

পরে আরেকটি পোস্টে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আসুন, উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। বরং নতশিরে আল্লাহর শুকরিয়া আদায় করি, তাঁর পবিত্রতা ঘোষণা করি এবং তাঁর নামে তাকবির পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাঁর করুণা-সিক্ত করে রাখুন।’

Nagad

প্রসঙ্গত, হাইকোর্টের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছিল, যা দলটি আপিলে চ্যালেঞ্জ করে। সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে দলটি রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের সামনে নতুন করে নিবন্ধনের সুযোগ পেতে পারে।