সোমবার বিকেল ৩টায় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
আগামীকাল সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশনে তার বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে।
রোববার (১ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশনের ফিড নিয়ে অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতার মাধ্যমগুলোতে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে সংগ্রহের লক্ষ্য ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত রাজস্ব থেকে ১৯ হাজার কোটি এবং করবহির্ভূত রাজস্ব থেকে ৪৬ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে।
এছাড়া অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২১ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।

