পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানের লামায় ৬০ রিসোর্ট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২২ অপরাহন, জুন ১, ২০২৫

সংগৃহীত ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মইন উদ্দিনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও মইন উদ্দিন জানান, “টানা ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। লামার অধিকাংশ রিসোর্ট পাহাড়ের উপর নির্মিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এসব রিসোর্ট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পাহাড় ধসের সম্ভাবনা কেটে গেলে রিসোর্টগুলো আবার খুলে দেওয়া হবে।

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার বিকাল ৩টা পর্যন্ত) বান্দরবানে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানিয়েছেন, টানা বৃষ্টিতে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বেড়েছে, তবে এখনো তা বিপৎসীমার নিচেই রয়েছে।

Nagad