ঈদের ছুটিতে চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৩ দফা নির্দেশনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটিতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার ঘাটতি দেখা দেওয়ার শঙ্কায় বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের সময় দুর্ঘটনা, পশু কোরবানি ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেক রোগী। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এ বছর ১৩ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিকিৎসাসেবা সচল রাখতে সরকারি হাসপাতালগুলোর জন্য নির্দেশনাগুলো হলো:

১. জরুরি বিভাগে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে, প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিতে হবে।
২. লেবার রুম, জরুরি অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ল্যাব ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।
৩. পর্যায়ক্রমে ছুটি প্রদান করে জনবল নিশ্চিত করতে হবে।
৪. জনস্বার্থে ছুটি অনুমোদন করতে হবে, যেন সেবায় ব্যাঘাত না ঘটে।
৫. জেলা পর্যায়ে কর্মীদের সমন্বয় এবং সিভিল সার্জনকে আগাম অবহিত করতে হবে।
৬. বিভাগীয় প্রধানদের প্রতিদিনের কার্যক্রম তদারকিতে থাকতে হবে।
৭. জীবনরক্ষাকারী ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে হবে।
৮. অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক সচল রাখতে হবে।
৯. হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
১০. অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
১১. প্রধান কর্মকর্তা ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও যোগাযোগ তথ্য জানাতে হবে।
১২. ভর্তি রোগীদের জন্য ঈদের দিনে বিশেষ খাবারের ব্যবস্থা রাখতে হবে এবং তা বিতরণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নিতে হবে।
১৩. বহির্বিভাগ (ওপিডি) ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না।

বেসরকারি হাসপাতালের জন্য নির্দেশনা:
১. নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা জরুরি ও মাতৃত্বসেবা নিশ্চিত করতে হবে।
২. রেফারকৃত রোগীর জন্য প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজন হলে পরিবহনের ব্যবস্থা করতে হবে।
৩. কোনো জরুরি ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরকে (DGHS) জানাতে হবে।