টিউলিপের চিঠি নিয়ে কিছু জানে না সরকার, চিঠি পাইনি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫

সংগৃহীত ছবি

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন—এমন খবর ছড়ালেও এ বিষয়ে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমরা এমন কোনো বিষয়ে মন্তব্য করতে পারি না, যা আমরা দেখিনি।”

এর আগে সংবাদমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থনৈতিক সচিব টিউলিপ সিদ্দিক ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন। তিনি ‘একটি ভুল বোঝাবুঝি’ দূর করতেই এ সাক্ষাৎ চান বলে গণমাধ্যমে উল্লেখ করা হয়।

ড. ইউনূস ৯ জুন চারদিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। সফরকালে তার রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক সম্প্রতি যুক্তরাজ্যের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। দুদক অভিযোগ করেছে, তিনি ও তার মা প্রভাব খাটিয়ে ঢাকায় জমি নিয়েছেন। তবে টিউলিপ এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

Nagad