পিরোজপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্, জুলই ১, ২০২৫

সংগৃহীত ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের এ ঘটনা ঘটে সোমবার (৩০ জুন) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, যেখানে দলটির সদস্য নবায়ন ও যাচাই-বাছাই কার্যক্রম চলছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা বিএনপিতে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন বহিষ্কৃত আহ্বায়ক রুহুল আমীন দুলাল, অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা।

সদস্য যাচাই-বাছাই চলাকালে এক পক্ষের সমর্থকেরা তালিকায় অনিয়মের অভিযোগ তুলে অপর পক্ষের নেতাকে বাধা দেয়। এসময় রুহুল আমীন দুলালের ভাই মনিরুজ্জামান ছোট্টো এবং শামীম মিয়া মৃধার ভাগ্নে মিশাত মিশুর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Nagad

এ বিষয়ে বিএনপির স্থানীয় কিংবা জেলা পর্যায়ের কোনো নেতৃবৃন্দ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে স্থানীয়দের ধারণা, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দলের অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়তে পারে।