এআইইউবি আন্ত-কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা কমার্স কলেজ চ্যাম্পিয়ন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর আয়োজনে অনুষ্ঠিত ‘এআইইউবি আন্ত-কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর ফাইনালে ঢাকা কমার্স কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ৩ জুলাই, বৃহস্পতিবার এআইইউবি ক্যাম্পাসে।
ঢাকার ৩২টি কলেজ দলের অংশগ্রহণে গত ২৯ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ঢাকা কমার্স কলেজ ৫ উইকেটে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজকে পরাজিত করে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রহমান, প্রক্টর ড. মনজুর এইচ. খান এবং এফবিএ গ্র্যাজুয়েট প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শুধু পাঠ্যপুস্তকনির্ভর না রেখে শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।’
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এআইইউবি অফিস অব স্পোর্টস-এর কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিন।
প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করে এআইইউবি, যা কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ামনা, পারস্পরিক সম্প্রীতি ও সৃজনশীলতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

