১৯ জুলাই জাতীয় সমাবেশে সহযোগিতা চেয়ে ডিএমপির সঙ্গে জামায়াতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:১০ অপরাহন, জুলই ১০, ২০২৫

আসন্ন ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফলভাবে বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতা চেয়ে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘৭ দফা দাবি আদায় হলে জামায়াতে ইসলামী যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন,‘বিগত ১৭ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ—এই সাতটি জাতীয় দাবি বাস্তবায়ন করতে হবে।’

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পক্ষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য “সর্বকালের সর্ববৃহৎ জাতীয় সমাবেশ” সফল করতে ডিএমপিকে ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা চেয়ে লিখিত চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সারাদেশ থেকে লাখো মানুষ এই সমাবেশে অংশ নিতে আসবে। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি মনোযোগ দিতে হবে।’

ডিএমপির পক্ষ থেকে প্রতিনিধি দলকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Nagad

এ সময় তিনি ঘোষণা দেন, বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল গণতান্ত্রিক শক্তিকেই এই সমাবেশে যোগদানের আহ্বান জানানো হবে।