টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ, সাইফউদ্দিনকে নিয়ে নতুন প্রত্যাশা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহন, জুলই ১০, ২০২৫

ছবি: এএফপি

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।

এই ম্যাচকে ঘিরে জোর আলোচনা চলছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে। পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে, ফিরেছেন বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। বিশেষ করে আলোচনায় রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন।

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ভালো পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এবার দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

অন্যদিকে, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ পাকিস্তান সিরিজে না থাকলেও এবার পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন দুজনেই। সাথে যোগ হয়েছেন তরুণ তানজিম হাসান সাকিব।

সম্ভাব্য ব্যাটিং লাইনআপে ওপেন করবেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তিনে অধিনায়ক লিটন দাস, চারে তাওহীদ হৃদয় এবং পাঁচে মেহেদী হাসান মিরাজের থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। ছয়ে জাকের আলী অনিক এবং সাতে খেলবেন সাইফউদ্দিন।

স্পিন আক্রমণে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন।

Nagad

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (প্রথম টি-টোয়েন্টি):
১. তানজিদ হাসান তামিম, ২. পারভেজ হোসেন ইমন, ৩. লিটন কুমার দাস (অধিনায়ক), ৪. তাওহীদ হৃদয়, ৫. মেহেদী হাসান মিরাজ, ৬. জাকের আলী অনিক, ৭. মোহাম্মদ সাইফউদ্দিন, ৮. রিশাদ হোসেন, ৯. তাসকিন আহমেদ, ১০. মোস্তাফিজুর রহমান, ১১. তানজিম হাসান সাকিব।

লঙ্কানদের মাটিতে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। তবে ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতা ও বোলিং ইউনিটের কার্যকারিতা—দুটিই নির্ধারণ করবে প্রথম ম্যাচের ভাগ্য।