রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা দিল ট্রাইব্যুনাল
জুলাই গণহত্যা মামলায় নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার (১২ জুলাই) এ বিষয়ে আদালতের আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়।
গত ১০ জুলাই দেওয়া আদেশে ট্রাইব্যুনাল বলেন, অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের এবং অপর সহযোগীদের অপরাধের বিস্তারিত সত্য তথ্য আদালতে উপস্থাপন করতে রাজি হয়েছেন। এ কারণে তাকে শর্তসাপেক্ষে ক্ষমা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, মামুনকে অবশ্যই তার জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে জুলাই গণহত্যার ঘটনার সবকিছু ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে এবং ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী সাক্ষ্য প্রদান করতে হবে।
সাবেক আইজিপির নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আদেশে আরও বলা হয়েছে, তাকে কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে না রেখে আলাদা স্থানে রাখতে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চৌধুরী মামুনের আইনজীবী অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ জানান, ‘রাজসাক্ষী হিসেবে মামুন যদি জুলাই গণহত্যার পুরো চিত্র ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আদালতের বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করেন, তাহলে ট্রাইব্যুনালের এই ক্ষমা কার্যকর হবে।’
এর আগে, ১০ জুলাই মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি দোষী এবং রাজসাক্ষী হয়ে আদালতকে সহায়তা করতে চাই।’

