চার উপদেষ্টার আগমন ঘিরে বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে ১৩ জুলাই (রোববার) সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই (বুধবার) সকাল ৯টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রক্টর অফিস থেকে কার্ড সংগ্রহের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে যোগ দিতে আসছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। তাঁরা হলেন— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, উপদেষ্টা,শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এছাড়া আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দীন খান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘শহীদ দিবস উপলক্ষে আগত গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।’

