ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়ৈ (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৪ জুলাই) ভোরে হল প্রাঙ্গণ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।
জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে একজন দারোয়ান ফোনে তাকে জানায় যে হলের অভ্যন্তরে রাস্তার পাশে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তিনি অন্যদের সহায়তায় দ্রুত সঞ্জয়কে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, ‘ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে একজন ক্লিনার ছাদ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ পান। কাছে গিয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। পরে দারোয়ানের মাধ্যমে বিষয়টি আমাকে জানানো হয়।’
প্রথমে তার পরিচয় শনাক্ত করা না গেলেও, শাহবাগ থানা পুলিশ তার পকেট থেকে নৃবিজ্ঞান বিভাগের একটি প্রশ্নপত্র পায়। পরে সহপাঠীদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়।
প্রাধ্যক্ষ আরও জানান, ‘সঞ্জয় কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল বলে তার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি। তিনি গত দুইদিন হলে ছিলেন না। আজ ভোর ৪টার দিকে হলে ফেরেন এবং ৪টা ১০ মিনিটে হলের ছাদে যান।’
হলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়েছেন। তবে তিনি দুর্ঘটনাবশত পড়ে গেছেন, নাকি নিজেই লাফ দিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

