মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ হত্যাকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ড আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টাও হতে পারে।’ তিনি বলেন, মিটফোর্ডের মর্মান্তিক ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তীব্র নিন্দা জানাই এ ঘটনার।
সোমবার (১৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মিটফোর্ড হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপিকে পরিকল্পিতভাবে জড়িয়ে দল ও নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, ‘এই ঘটনা শুধুই একটি ব্যক্তিগত চাঁদাবাজি নয়, বরং এটি রাজনৈতিক দুরভিসন্ধিমূলক ও ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড বলে আমরা সন্দেহ করছি। নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে এটি ঘটানো হতে পারে।’
ঘটনায় দলের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, ‘বিএনপির যেসব নেতাকর্মীর নাম এসেছে, তাদের কেউ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে নিহতের পরিবারের সঙ্গেও কথা বলেছি। তবুও তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না।’
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সুনির্দিষ্ট সময় ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে জনমনে বিভ্রান্তি ও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো যায়।’
তিনি আরও বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটি দেশের রাজনীতিকে ফ্যাসিবাদের ধারায় ঠেলে দেওয়ার আরেকটি প্রচেষ্টা। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এই ঘটনার নিরপেক্ষ বিচার দাবি করছি।’
‘দল নিরপেক্ষভাবে কাজ করলেও পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলগুলো এই অশ্লীল ষড়যন্ত্রের শিকার হচ্ছে। সরকারের উদাসীনতা ও অপরাজনীতির প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’
উল্লেখ্য, ৯ জুলাই সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন মিটফোর্ড কম্পাউন্ডে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পিটিয়ে হত্যা করা হয়। বর্বর এ ঘটনার ভিডিও রাতেই ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

