সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে: প্রেস উইং
দেশে সহিংস অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে-গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে অস্বীকার করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাস্তবে পরিস্থিতি স্থিতিশীল এবং যে কটি ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন।
সোমবার (১৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরে এমন দাবি করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চলতি বছর দেশে ব্যাপক হারে অপরাধ বেড়ে গেছে, যা জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। তবে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশের সদর দপ্তরের দেওয়া আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, এই দাবি পুরোপুরি সত্য নয়। বরং গত ১০ মাসে বেশ কয়েকটি বড় অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে।
আবুল কালাম আজাদ বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী, পরিস্থিতিকে মারাত্মক বলার সুযোগ নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ঠিকই, তবে সেগুলোর প্রবণতা দেখে কোনো দীর্ঘমেয়াদি উদ্বেগ তৈরি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বাহিনী সক্রিয় রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নাগরিকদের সচেতন থাকা জরুরি হলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।’
প্রেস উইং জানিয়েছে, অপরাধ সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও তথ্যনির্ভর হওয়ার অনুরোধ জানানো হয়েছে। অপরাধ বাড়ছে— এমন মনগড়া উপস্থাপন জনমনে ভীতি তৈরি করতে পারে, যা বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করে।

