তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৪ অপরাহন, জুলই ১৫, ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অন্যদিকে বিএনপির পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহসহ অনেকে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তারেক রহমান, বাবরসহ সকল আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় দেন। এতে বলা হয়, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল ‘অবৈধ’ এবং ‘আইনগতভাবে টেকসই নয়’। আদালতের ভাষ্য অনুযায়ী, চার্জশিটটি ছিল আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে, যার শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।

Nagad

২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত মামলার রায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্টের রায়ে সবাই খালাস পান, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এখন আপিল বিভাগের এই শুনানির দিকে সারা দেশের মানুষ ও রাজনৈতিক মহল নজর রাখছে।