ঐকমত্য কমিশনের ব্যর্থতা মানেই হবে সবার ব্যর্থতা: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪৯ অপরাহন, জুলই ১৫, ২০২৫

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য কমিশন কোনো আলাদা সত্তা নয়। কমিশন ব্যর্থ হলে, সেটি হবে সকলের ব্যর্থতা। তবে এমন ব্যর্থতার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৪তম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক রীয়াজ।

তিনি বলেন, ‘কমিশন গঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য। কমিশন সে চেষ্টাই করছে। তাই সকলের অংশগ্রহণে সফলতাই একমাত্র লক্ষ্য।’

কমিশনের সহ-সভাপতি আরও বলেন, ‘এই সাফল্যের মাপকাঠি হচ্ছে- আমরা কাঠামোগত সংস্কারের বিষয়ে একমত হতে পারছি কিনা। ইতোমধ্যে কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, আবার কিছু বিষয়ে আলোচনার প্রাথমিক ধাপে একমত হওয়া গেছে। তবে কিছু বিষয় এখনও নিষ্পত্তিহীন রয়েছে।’

তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাই প্রত্যেককে তাদের দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণের প্রত্যাশা কী, এবং সেই প্রত্যাশা পূরণে আমরা কার কী ভূমিকা রাখব।’

সংলাপের সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আয়ুব মিয়া।

Nagad