গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে গোপালগঞ্জে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
ঘটনাটি ঘটে গান্ধীয়াশুর এলাকার ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে। সকাল থেকেই স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা গাছ কেটে সড়কে অবরোধ সৃষ্টি করে। পরে ইউএনওর গাড়িবহর সেখানে পৌঁছালে হামলা ও ভাঙচুর চালানো হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি অনুযায়ী আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা হওয়ার কথা ছিল। সেই কর্মসূচি বানচাল করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা চালায়। এরপর তারা আমার গাড়ি বহরেও হামলা ও ভাঙচুর চালায়।’
এর আগে একই দিন সকালে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার সময় ইউএনও রকিবুল হাসান গাড়িতে ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে নিরাপত্তার কারণে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে বলে জানা গেছে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

