গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভের ডাক এনসিপির
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। একইসঙ্গে পূর্বনির্ধারিত পথসভাগুলোও চালিয়ে যাবে দলটি।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করব। সেই সঙ্গে পূর্বঘোষিত পথসভাগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে। ফরিদপুর থেকে আজকের পথসভা শুরু হবে। মাদারীপুরের সভা পরে হবে।’
এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামি, এবি পার্টি, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন প্রতিবাদ ও সংহতি প্রকাশ করেছে।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দেশের অনেক রাজনৈতিক দল ও সংগঠন। আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘ওই সহিংস ঘটনায় আহত সাংবাদিকদের সাহসিকতা ও সত্য প্রকাশের জন্য আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
গতকাল বুধবার গোপালগঞ্জ শহরে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও সহিংসতা রোধ হয়নি। এতে ৪ জন নিহত ও অন্তত ৯ জন গুলিবিদ্ধ হন, আহত হন অর্ধশতাধিক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৮টা থেকে জেলার বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন।

