গোপালগঞ্জে হামলার নেপথ্য কারও রেহাই নয়: ঢাকা রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৫৪ অপরাহন, জুলই ১৭, ২০২৫

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় শুধু সরাসরি জড়িত নয়, বরং নেপথ্য কারও বিরুদ্ধেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বলেন, ‘আমি গত দুদিন ধরে গোপালগঞ্জে অবস্থান করছি। হামলার ঘটনায় যারা পেছন থেকে নেতৃত্ব দিয়েছে, তারাও রেহাই পাবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

ডিআইজি রেজাউল করিম জানান, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। এরইমধ্যে মামলার প্রস্তুতি চলছে। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘অঞ্চলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ও স্বাভাবিক। তবে আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

বুধবারের ভয়াবহ সংঘর্ষের পর রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার। তবে কারফিউ সত্ত্বেও বৃহস্পতিবার সকাল থেকেই হালকা যানবাহন ও কিছু দোকানপাট খোলা দেখা গেছে। শহরের সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক দিনের তুলনায় কম থাকলেও পুলিশি টহল ছিল জোরদার।

গোপালগঞ্জে এনসিপির এক কর্মসূচিকে ঘিরে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন।

Nagad