প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তাজউদ্দীন পরিবার।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তানজিম আহমেদ সোহেল তাজ। এসময় তার সঙ্গে ছিলেন তার বড় বোন শারমিন আহমদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, সাক্ষাতের সময় শারমিন আহমদের লেখা ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
সাক্ষাতের বিষয় নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজ এবং শারমিন আহমদের একটি ছবি পোস্ট করেন।
ছবিটি পোস্ট করে শফিকুল আলম লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।’

