অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৯ অপরাহন, জুলই ১৮, ২০২৫

ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ নিয়ামুল হক স্বৈরাচারী মনোভাব নিয়ে কলেজ পরিচালনা করছেন এবং তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী প্রশাসনিক নানা অনিয়মে জড়িত। তাদের দাবি, আহত শিক্ষার্থীদের ঘটনায় এখনো কোনো তদন্ত হয়নি বা দোষীদের শাস্তির উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য তারা শ্রেণি কার্যক্রম, অভ্যন্তরীণ পরীক্ষা ও ফি প্রদানসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

এইচএসসি ২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, “আমরা ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই। কিন্তু একজন স্বঘোষিত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে কলেজের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। আহত সহপাঠীদের ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা তার পদত্যাগ ছাড়া কিছুই মানব না।”

২৫তম ব্যাচের শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, “শুধু আমাদের নয়, আগের ব্যাচের শিক্ষার্থীরাও একই অভিযোগ করেছে। প্রশাসন সবসময় তা চাপা দিতে চেয়েছে। এবার তা হতে দেব না। কোনো নোটিশ আমরা মানব না, কারণ কলেজ প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছে না। বরং গেট বন্ধ করে কণ্ঠরোধের চেষ্টা করছে।”

এদিকে আন্দোলনের খবর পেয়ে কলেজ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় আহত হন মেহেদী হাসান তানিম ও অপু নামে দুই শিক্ষার্থী। এরপর থেকে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে একাধিকবার অভ্যন্তরীণ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Nagad