কুলাউড়া সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্, জুলই ১৯, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে লালারচক বিওপি সংলগ্ন সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন—শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সোহাগ মিয়া (২৩), মাসুক আলী মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)।

আটকদের পরিবার জানিয়েছে, তারা বাংলাদেশ সীমান্তের ভেতরে হরিপুর এলাকায় মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ করে ১৫-২০ জন বিএসএফ সদস্য এসে তাদের চোরাকারবারি সন্দেহে আটক করে ভারতীয় সীমানার দিকে নিয়ে যায়।

মাসুক আলীর ভাই ময়নুল মিয়া বলেন, ‘আমার ভাইসহ আরও দুজন মাছ ধরছিল। হঠাৎ বিএসএফ এসে তাদের ধরে নিয়ে যায়। আমরা ঘটনাটি সঙ্গে সঙ্গে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানিয়েছি।’

এ বিষয়ে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমদ বলেন, ‘শরীফপুর সীমান্ত থেকে তিন যুবককে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা অবগত। স্থানীয় ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ‘বিএসএফ তিনজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে আমরা জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Nagad

এ ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সীমান্তে চলাচলকারী সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।