সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু জামায়াতের জাতীয় সমাবেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহন, জুলই ১৯, ২০২৫

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের প্রথম পর্বের সূচনা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামী সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর।

সাত দফা দাবিতে আয়োজিত এ সমাবেশকে ঘিরে শনিবার ভোর থেকেই রাজধানীতে আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশ শুরুর বহু আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান নিচ্ছেন হাজারো নেতাকর্মী।

জামায়াত নেতারা জানান, দেশব্যাপী থেকে প্রায় ১০ লাখ নেতাকর্মীর সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। অনেকেই বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন। তাদের অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পায়। কেউ কেউ পরেছেন জামায়াত মনোগ্রামযুক্ত টি-শার্ট ও পাঞ্জাবি।

সমাবেশ নির্বিঘ্ন করতে সারা দেশে থেকে আসা প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। শুধু উদ্যানের আশপাশেই দায়িত্ব পালন করছেন প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক। তারা বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নিয়ে আগতদের গেট চিহ্নিত করতে ও সঠিকভাবে প্রবেশ করাতে সহায়তা করছেন।

জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হচ্ছে, তা হলো— অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক রাজনৈতিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, এক কোটির বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতার পর এবারই প্রথম তারা এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে এ ধরনের জাতীয় সমাবেশ করছে।

Nagad