মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৪ অপরাহন, জুলই ১৯, ২০২৫

দেশের উন্নয়নের জন্য শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, প্রয়োজন মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলার চর্চা—জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হলে মানবিক গুণাবলি ও শৃঙ্খলার বিকাশ জরুরি।’

শনিবার (১৯ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে আয়োজিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেনারেল ওয়াকার বলেন, ‘শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বের পরিবর্তিত বাস্তবতায় আমাদের প্রকৌশলীদের হতে হবে উদ্ভাবনী, মানবিক এবং দায়িত্বশীল।’

অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন সেনাবাহিনী প্রধান। তিন দিনব্যাপী এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদন কৌশল, তাপ প্রযুক্তি এবং মহাকাশ গবেষণাসহ নানা আধুনিক বিষয়ে আলোচনা হয়।

উক্ত সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

Nagad