গোপালগঞ্জে আবারও কারফিউ! প্রশাসনের কঠোর অবস্থান
গোপালগঞ্জে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর আবারও কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে।
জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে এই কারফিউর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল।
কারফিউ শিথিলের পরদিন সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। দোকানপাট খুলতে দেখা যায়, রাস্তায় যানবাহনের চলাচলও শুরু হয়। তবে রাত ৮টার পর থেকে আবারও কঠোরভাবে জনসাধারণের চলাচল সীমিত রাখা হবে।
এর আগে, গত বুধবার (১৬ জুলাই) এনসিপি নেতাদের সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। এর পরপরই জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করে।
এছাড়া পরিস্থিতি মোকাবিলায় জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ ও বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, সহিংসতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপি ও অন্যান্য বিরোধী দলের নেতারা ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

