সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪৮ অপরাহন, জুলই ২০, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের পদোন্নতির লক্ষ্যে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২০ জুলাই ২০২৫) সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ড. ইউনূস মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষভাবে তিনি সেনাবাহিনীর শহীদ সেনানীদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, ‘জাতি তাদের ত্যাগ চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।’ তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনা সদস্য এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রধান উপদেষ্টা পদোন্নতি পর্ষদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলীসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদে পদোন্নতির যোগ্য।’ তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও নিযুক্তিগত উপযুক্ততার ভিত্তিতে নির্বাচন করতে পর্ষদ সদস্যদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্বদানে সক্ষম অফিসারদেরই পদোন্নতির জন্য বিবেচনার নির্দেশ দেন।

ড. ইউনূস বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেমন দায়িত্ব পালন করছে, তেমনি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায়ও বেসামরিক প্রশাসনের পাশে থেকে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।’ এই ত্যাগ ও দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রধানসহ সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত থেকে পর্ষদ উদ্বোধনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি, চীফ অব জেনারেল স্টাফসহ সেনা ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং সেনাসদরের পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

Nagad