মিটফোর্ড হত্যাকাণ্ড: প্রধান আসামি মহিনের দায় স্বীকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৮ অপরাহন, জুলই ২০, ২০২৫

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে তাকে হাজির করা হলে, মহিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানান। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করলে আদালত তা গ্রহণ করেন এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ১০ জুলাই প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড ও ১৫ জুলাই দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের বড় বোন কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশও বাদী হয়ে অস্ত্র আইনে একটি পৃথক মামলা করে। এই হত্যাকাণ্ড সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Nagad