মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত ১, আহত ৪ জন সিএমএইচে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহন, জুলই ২১, ২০২৫

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজেআই) বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

বেলা ২টার কিছু পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি প্রশিক্ষণ বিমান-এফ-৭ বিজেআই মডেলের।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিমানটি কলেজ চত্বরে আছড়ে পড়ে, এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে।

Nagad

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।