উত্তরায় বিমান বিধ্বস্তে বহু হতাহত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৮ অপরাহন, জুলই ২১, ২০২৫

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শোক জানাতে মঙ্গলবার (২২ জুলাই) দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। একইসঙ্গে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত থাকবে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, পরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও তাতে যোগ দেন। বিমান বাহিনীর হেলিকপ্টারে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৫০ জন, যাদের সবাই গুরুতর দগ্ধ। বিভিন্ন সূত্রে দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় কলেজ ভবনে, যেখানে তখনও চলছিল ক্লাস। বহু শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এতে হতাহত হন।

বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এক শোকবার্তায় বলেন, ‘এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এটা আমাদের জাতীয় জীবনের এক গভীর বেদনার মুহূর্ত।’

Nagad

এদিকে দুর্ঘটনার কারণে মঙ্গলবারের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এদিকে বিমান দুর্ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭।