বিমান বিধ্বস্তের ঘটনায় তিন জেলার পদযাত্রা স্থগিত করলো এনসিপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জুলাই মাসব্যাপী ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। এ ছাড়া সোমবার (২১ জুলাই) ফেনীতে অনুষ্ঠেয় কর্মসূচিও বাতিল করা হয়।
এদিন খাগড়াছড়ির চেঙ্গির মোড়ে অনুষ্ঠিত পদযাত্রার শুরুর আগে নেতারা দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের পাশে দাঁড়াতে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জাতীয় শোকের এই মুহূর্তে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। আমাদের দলীয় কর্মসূচি স্থগিত করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নাসীরউদ্দীন পাটওয়ারী ও আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং নতুন সংবিধান প্রণয়নের দাবি তোলেন।
এদিনের খাগড়াছড়ির কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে এনসিপির জুলাই পদযাত্রার সমাপ্তি ঘটে। তরুণ নেতৃত্বের এ দলটি পাহাড়-নদী-সমুদ্রবেষ্টিত অঞ্চলটির সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে।
নেতারা জানান, দীর্ঘদিনের গৎবাঁধা রাজনীতির বাইরে এসে এনসিপি যে নতুন ধারার রাজনীতি শুরু করেছে তা কঠিন হলেও সময়ের দাবি। জনগণের সমর্থনই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে।

