স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, এর মধ্যে শিশু ২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী, বাকি দুজনের একজন একজন শিক্ষিকা এবং অন্যজন স্কুল স্টাফ বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ৫ জন এবং ঢাকা মেডিকেলের আইসিইউতে ২ জন রয়েছেন।’
ডা. সায়েদুর জানান, ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে—এর মধ্যে বার্ন ইনস্টিটিউট থেকে ১০ জন, সিএমএইচ থেকে ৮ জন, ঢাকা মেডিকেল ও ইউনাইটেড মেডিকেল থেকে একজন করে। শনাক্ত না হওয়া ছয়টি মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ চলাকালে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভবনে আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

