নিজে ৮০ শতাংশ পুড়েও ২০ শিক্ষার্থীকে বাঁচালেন শিক্ষিকা মাহরিন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্, জুলই ২২, ২০২৫

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর আগুনে দগ্ধ হওয়ার মাঝেও অন্তত ২০ জন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২)। অথচ নিজে সময়মতো বের হতে না পারায় শরীরের ৮০ শতাংশ পুড়ে গুরুতর আহত হন তিনি। পরে রাতেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন বিপন্ন করা এই সাহসী শিক্ষিকার কৃতিত্বে শোকের মধ্যেও শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় নত হয়েছে গোটা দেশ।

মাহরিনের ভাই মুনাফ মুজিব চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘আমার বড় বোন আমাকে মায়ের মতো বড় করেছেন। আগুনের সময় নিজে বের না হয়ে শিক্ষার্থীদের বাঁচাতে চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ১০০ শতাংশ দগ্ধ হন। দয়া করে তার জন্য দোয়া করবেন। তিনি তার দুই ছেলেকে রেখে আমাদের ছেড়ে চলে গেছেন।’

তাঁর স্বামী মনসুর হেলাল জানান, স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হওয়ার সময় বিমানটি গেটের সামনে বিধ্বস্ত হয়। মাহরিন নিজে দগ্ধ হলেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছেন।

উদ্ধারে অংশ নেওয়া এক সেনাসদস্য বলেন, ‘ম্যাডাম বাচ্চাদের বের করে দিয়েছেন, কিন্তু নিজে আর বের হতে পারেননি।’

প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের কেউ কেউ বলেন, ‘ম্যাডাম বারবার বলছিলেন-‘দৌঁড়াও, ভয় পেও না। আমি আছি।’

Nagad

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৭১ জন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।

মাহরিন চৌধুরীর এই আত্মত্যাগ এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর আত্মা যেন শান্তি পায়-এটাই সবার প্রার্থনা।