উত্তরায় শুটিং হাউস বন্ধে চিঠি, নাট্যাঙ্গনে ক্ষোভ
আবাসিক এলাকায় শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের উদ্দেশে চিঠি দিয়েছে উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি। এতে নাট্যাঙ্গনে দেখা দিয়েছে ক্ষোভ ও বিস্ময়।
গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, শুটিংয়ের কারণে রাস্তায় ভিড় বাড়ছে, যান চলাচলে বিঘ্ন ঘটছে, বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। তাই আবাসিক পরিবেশ রক্ষায় হাউস ভাড়া দিয়ে শুটিং করতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সেক্টর-৪ এলাকায় তিনটি শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২। কল্যাণ সমিতি বলেছে, এই ধরনের বাণিজ্যিক কার্যক্রম আবাসিক নীতিমালার পরিপন্থী। পরিবেশ ও এলাকার সুনাম রক্ষায় হাউস মালিকদের দায়িত্বশীল ভূমিকা আশা করা হয়েছে।
চিঠি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেক্টর–৪ কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন নাট্যজগতের অনেকে। ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, এইভাবে হঠাৎ করে চিঠি দিয়ে শুটিং বন্ধ করতে বলা উচিত হয়নি। অনেক কন্টিনিউটি থাকে, অনেক ধারাবাহিক চলছে। সময় দিয়ে নিষেধাজ্ঞা দিলে অন্তত প্রস্তুতির সুযোগ থাকত।
তিনি আরও জানান, ডিরেক্টরস গিল্ড ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছে এবং আজই আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে। হাউস মালিকদের বলেছি, ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি, বলেন সেলিম।

