মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ আইমানের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৩
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় দগ্ধ শিশু আইমান (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আইমানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ১৪ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একজনসহ মোট ১৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। সর্বমোট প্রাণহানি এখন দাঁড়াল ৩৩ জনে। নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুলাই) উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ায় স্কুলের শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন।
স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার সকাল ১০টায় জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন মারা গেছেন এবং ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে একই সময়ে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।
এদিকে, দুর্ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত তৈরি হচ্ছে এ ধরনের দুর্ঘটনা তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ এবং আবাসিক এলাকার ওপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার যৌক্তিকতা নিয়ে।

