বলিউডের শারমান জোশির বিপরীতে টালিউডে অভিষেক তানজিন তিশার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন, তবে ঢালিউড নয়— সরাসরি টালিউডের হাত ধরে। আরও চমকপ্রদ খবর হচ্ছে, তার বিপরীতে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান জোশি। ছবির নাম ‘ভালোবাসার মরসুম’, নির্মাণ করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ।
পরিচালক এম এন রাজ জানিয়েছেন, ছবির প্রধান চরিত্র ‘হিয়া’-তে থাকবেন তানজিন তিশা, যাঁর জীবনের জটিল সম্পর্কের গল্প ঘিরেই গড়ে উঠবে সিনেমার মূল কাহিনি। শারমান জোশি এখানে অভিনয় করবেন ‘আবির’ নামে এক কলেজ প্রফেসরের চরিত্রে, যিনি তার অতীতের প্রেম এবং বর্তমানের বিবাহিত জীবনের সংঘাতের মাঝে পড়ে যান।
ছবিতে বাংলাদেশের তরুণ অভিনেতা খাইরুল বাশারও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। পরিচালকের ভাষায়, “বাসারের চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেবে।” এছাড়া আবিরের অতীতের প্রেমিকা পারমিতা চরিত্রে থাকছেন টালিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
পরিচালক রাজ জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে শুরু হবে ছবির শুটিং, যা টানা ২৩ দিন চলবে। এরপর শুটিং হবে মুর্শিদাবাদে। ২০২৬ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
শারমান জোশি ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি বাংলা ভাষা শেখার প্রক্রিয়ায় রয়েছেন এবং এই প্রথম সরাসরি বাংলা ছবিতে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত। বাংলা সিনেমায় দুর্দান্ত কাজ হচ্ছে এখন, আর তাতে অংশ নেওয়া আমার জন্য সম্মানের। তানজিন তিশার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, কলকাতার কাস্টিং ডিরেক্টর শরিফ জানান, তিশা ও খাইরুল বাশারের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ৩০ জুলাই অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, টেলিভিশন নাটকে খ্যাতি অর্জনকারী খাইরুল বাশার এর আগে ‘ব্যাচ ২৭’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘তালাশ’ এবং গিয়াসউদ্দীন সেলিমের ‘কাজলরেখা’তে কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ‘ভালোবাসার মরসুম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

