ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে ভর্তি ৩৩১
দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশালে সর্বোচ্চ ১৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩০ জন, ঢাকার বাইরে বিভাগীয় জেলাগুলোতে ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহে ৩ জন রোগী ভর্তি হন।
এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১২০ জন। এ বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারো গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

