বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আটক ৫

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্, জুলই ২৭, ২০২৫

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। তাদের নেতৃত্বে ছিলেন সংগঠনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ।

গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ১৭ জুলাই সমন্বয়ক পরিচয়ে অভিযুক্তরা অস্ট্রেলিয়া প্রবাসী আবু জাফরের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে এবং না দিলে পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেয়। ভয়ে প্রথমবার তিনি ১০ লাখ টাকা দিয়ে দেন। এরপর ২৬ জুলাই বিকেলে বাকী ৪০ লাখ টাকা নিতে গেলে আবু জাফর পুলিশকে খবর দেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে।

আটকরা হলেন—ইব্রাহিম হোসেন মুন্না, রিয়াদ, মো. সিয়াম, সাদমান সাদাব ও আমিনুল ইসলাম। তাদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এবং একজন কলেজের শিক্ষার্থী। চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী আবু জাফর একটি লিখিত অভিযোগ দিয়েছেন, যা এজাহার হিসেবে গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে এ ঘটনায় মুখ খুলেছেন সংগঠনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ফেসবুকে লিখেন, ‘এই চক্রের শেকড় অনেক গভীরে। রিয়াদসহ অনেকে দীর্ঘদিন ধরে নেতাদের প্রটোকল দিত, বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করত। এর আগেও রূপায়ন টাওয়ারে সে উশৃঙ্খল আচরণ করেছিল’। তিনি বলেন, সংগঠনের অভ্যন্তরে বহুদিন ধরেই এদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, কিন্তু কেউ মুখ খুলতেন না।

তিনি আরও লেখেন, ‘এরা শুধু আজই ধরা পড়েছে, এটাই প্রথম নয়। এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে একদল স্বার্থান্বেষী।’

পুলিশ জানিয়েছে, আটকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Nagad