না ফেরার দেশে সংগীতশিল্পী এ কে রাতুল, নায়ক জসীমের ছেলে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে জানান, জিমে অবস্থানকালে রাতুল হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এবং সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংগীতশিল্পী এ কে রাতুল তার ব্যান্ড ‘ওন্ড’-এর মাধ্যমে বাংলাদেশে রক সংগীতের ভিন্নধারার যাত্রা শুরু করেছিলেন। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়, যা তরুণ শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

শুধু গায়ক ও বেজিস্ট নন, রাতুল ছিলেন একজন দক্ষ সংগীত প্রযোজকও। বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সংগীতপ্রেমীদের কাছে রাতুল ছিলেন প্রতিভাবান, সৃজনশীল এবং নিবেদিতপ্রাণ একজন সংগীতশিল্পী। তার অকালপ্রয়াণে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে এখনো জানাজা ও দাফনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Nagad