স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

নারী বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ এবার ইউরোপের মঞ্চে নিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ইউরো ২০২৫ নারী ফুটবলের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।

রোববার (২৭ জুলাই) রাতের ফাইনালে শুরুটা ভালো করে স্পেন। ম্যাচের ২৫তম মিনিটে আর্সেনালের ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে হেডে গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে অ্যলেসিয়া রুসোর হেড থেকে সমতায় ফেরে ইংল্যান্ড। গোলের সহায়তা দেন ক্লোয়ি কেলি।

এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও আর কোনো গোল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্পেনের খেলোয়াড়রা চাপে পড়ে প্রথম চার শটের মধ্যে তিনটিই মিস করেন। ব্যালন ডি’অরজয়ী তারকা আইতানা বোনমাতিও গোল করতে ব্যর্থ হন।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শেষ শট নিতে আসেন ক্লোয়ি কেলি, যিনি ২০২২ ইউরোর ফাইনালেও জয়সূচক গোল করেছিলেন। এবারও দায়িত্বপূর্ণ শটটি সফলভাবে জালে পাঠিয়ে দলকে শিরোপা এনে দেন তিনি।

এই জয়ে টানা দ্বিতীয়বার ইউরোর শিরোপা ঘরে তুলল ইংল্যান্ড নারী দল। ইউরোর ইতিহাসে তারা হয়ে উঠেছে তৃতীয় দল, যারা একাধিকবার এই শিরোপা জিতেছে। ইংল্যান্ড ও নরওয়ের নামের পাশে এখন দুটি করে শিরোপা, সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন জার্মানি।

Nagad