নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না : সালাহউদ্দিন আহমেদ
দেশে যেন আর কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না। এতে রাষ্ট্র পরিচালনার ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপের ২০তম দিনে এই মন্তব্য করেন তিনি।
সংলাপ চলাকালে কিছু সময়ের জন্য ওয়াক আউট করলেও পরে আলোচনায় যোগ দেন সালাহউদ্দিন। তিনি বলেন, আমাদের পক্ষ থেকেই প্রস্তাব ছিল, কেউ যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন-সেটি গৃহীত হয়েছে। আমরা আরও প্রস্তাব দিয়েছি, নির্বাচন কমিশন গঠনে একটি স্বাধীন সার্চ কমিটি গঠন করা হোক, যেখানে সরকারি দল, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধি থাকবে। সেটিও গ্রহণযোগ্য হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধানে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হলে প্রতিটি স্তরে ভারসাম্য বজায় রাখতে হবে। নির্বাহী বিভাগ যদি বারবার প্রশ্নবিদ্ধ হয় বা তার ক্ষমতা খর্ব করা হয়, তাহলে প্রশাসনিক অচলাবস্থার ঝুঁকি তৈরি হবে। এটি রাষ্ট্র পরিচালনার জন্য কোনোভাবেই সুফল বয়ে আনবে না।