তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ থানায়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৮ জুলাই) দিনগত রাতে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন ভুক্তভোগী ইশতিয়াক নামের একজন যুবক। থানা সূত্রে গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
ভুক্তভোগীর ভাই ইমতিয়াজ জানান, তাসকিন আর আমার ভাই অনেক ভালো বন্ধু ছিল। গতকাল রাতে তাসকিন ভাইকে ফোন দিয়ে ডাকা হয়। সঙ্গে আরেকজন বন্ধুও ছিলেন। হঠাৎ করেই তাসকিন ভাই গাড়িতে তুলে আমার ভাইকে মারধর করেন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় মিরপুর এক নম্বর এলাকা থেকে তাসকিন নিজেই বন্ধুকে গাড়িতে তুলে নেন।
এ বিষয়ে জানতে তাসকিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ছুটিতে আছে। গেল ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন।

