মারধরের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি তাসকিনের, জানালেন বিসিবিকে
বন্ধুকে মারধরের অভিযোগে আলোচনায় এসেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ইতোমধ্যে এ বিষয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন এই ক্রিকেটার।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতিখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করেছে গণমাধ্যম। তিনি জানান, তাসকিন তার সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন।
তাসকিন বলেন, আমি এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। আমার বন্ধুদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে। এক পক্ষ আমাকে থানাতে ফোন করতে অনুরোধ করে। আমি মিরপুর থানার ওসিকে ফোন করি। তাতে অপর পক্ষ আমার ওপর ক্ষুব্ধ হয়ে থানায় জিডি করেছে। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নই।
বিসিবি পরিচালক ইফতিখার আহমেদ মিঠু আরও বলেন, আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিরপুর থানার ওসি ও অভিযোগকারীর সঙ্গে আমরা কথা বলবো। তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাসকিনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বিসিবির অবস্থান এবং তদন্ত এখন ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রে।

