ঢাকা থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী
ঢাকা থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই এই ঘাঁটি রাখা অত্যাবশ্যক।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এয়ার স্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজিত এই সম্মেলনে তিনি জানান, বিশ্বের অনেক দেশেই রাজধানীতে সামরিক বিমানঘাঁটি রয়েছে, যা সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বিমান বাহিনী জরুরি সমন্বয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক এয়ার কমডোর মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার দিনই উদ্ধার অভিযান চালানো হয় এবং একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চীনের একটি বিশেষজ্ঞ দল তদন্তে সহায়তার জন্য বাংলাদেশে আসতে পারে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিমানবাহিনী। প্রয়োজন অনুযায়ী যতদিন লাগে, ততদিন সহায়তা অব্যাহত থাকবে।