হত্যা মামলায় সাবেক এমপি সেলিম দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৫৯ অপরাহন, জুলই ৩০, ২০২৫

রাজধানীর সূত্রাপুরে শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নিজাম উদ্দিন আহমেদ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের অনুমোদন দেন।

২০২৪ সালের ১৯ জুলাই, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের পক্ষে মিছিল করছিল ছাত্রজনতা। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে।

গুলিতে শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম (২২) বাম চোখে গুলিবিদ্ধ হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যার ঘটনায় গত বছরের ২২ আগস্ট সূত্রাপুর থানায় মামলা করা হয়। মামলায় সোলায়মান সেলিম ১০ নম্বর এজাহারভুক্ত আসামি।

Nagad