ডিসির গাড়ি ঢুকবে বলে বিদ্যালয়ের মাঠে এক রাতেই রাস্তা নির্মাণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের আগমন উপলক্ষে রাতারাতি নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী ইট-বালুর রাস্তা। শিক্ষার্থীদের খেলার মাঠে এমন রাস্তা নির্মাণকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মাঠের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণে নিয়োজিত ছিলেন অন্তত ৩৩ জন শ্রমিক। ব্যবহার করা হয় প্রায় ১৩ হাজার ইট এবং ২০ ট্রাক বালু। আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় তিন লাখ টাকা।

পরদিন মঙ্গলবার (৩০ জুলাই) জেলা প্রশাসক বিদ্যালয়ে আয়োজিত ‘জয়ন্তী কর্নার’ ও ‘স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ বলেন, মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারত না। তাই অস্থায়ীভাবে রাস্তা তৈরি করা হয়েছে। এটি প্রশাসনের উদ্যোগ, বিদ্যালয় এ বিষয়ে সম্পৃক্ত নয়। দয়া করে বিদ্যালয়কে ভুলভাবে উপস্থাপন করবেন না।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে যাতায়াত ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হলেও, হঠাৎ একজন ভিআইপির আগমনে এত বড় ব্যয়বহুল উদ্যোগ প্রশ্নবিদ্ধ।

একজন অভিভাবক বলেন, মাঠ সংস্কার হচ্ছে ভেবে খুশি হয়েছিলাম। পরে শুনি, ডিসির গাড়ি যেন কাদায় না পড়ে, সেই জন্য এক রাতেই ইট-বালুর রাস্তা করা হয়েছে।

Nagad

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থেই রাস্তা তৈরি করা হয়েছে। এটি মাঠের মাঝখানে নয়, পাশে করা হয়েছে এবং খরচ প্রকল্পের আওতায় এসেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মহলে এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, “বছরের পর বছর শিক্ষার্থীরা কাদার ভেতর দিয়ে যাতায়াত করে, সেজন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু একদিনের ভিআইপি সফরে এক রাতেই তিন লাখ টাকার রাস্তা! এ থেকেই বোঝা যায় আমাদের উন্নয়ন কার জন্য।-সূত্র; ঢাকা পোস্ট