পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা জমির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানাসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ৪ ও ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারকরা পৃথকভাবে এই মামলাগুলোর চার্জগঠন করেন এবং সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আগামী ১১ ও ১৩ আগস্ট।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর প্রাক্তন একান্ত সচিব সালাউদ্দিন, রাজউকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুদক ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ পাওয়া প্লটগুলো নিয়ে অনুসন্ধান শুরু করে এবং ২০২৫ সালের ১২ জানুয়ারি ছয়টি মামলা করে। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।
চলতি বছরের ১০ মার্চ মামলাগুলোর চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

