মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয়: নাহিদ ইসলাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহন, জুলই ৩১, ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব পেয়েছিল বিএনপি। তবে সেই প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে না পেয়ে অন্য মাধ্যম থেকে পেয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এ বক্তব্য সত্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়।’

তিনি লেখেন, ‘৫ অগাস্ট রাতের প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ড. মুহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় মিটিং করা হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, ‘৭ অগাস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা তার সঙ্গে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিং এ প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা/পর্যালোচনা হয়।’

Nagad