গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের আপিল শুনানি ১৩ আগস্ট
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ শুনানির দ্বিতীয় দিন শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে আসামিপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনির। আদালতে বিএনপির আরও একাধিক জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং আহত হন শতাধিক নেতাকর্মী, যার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন। ২০১৮ সালে বিচারিক আদালত তারেক রহমানকে যাবজ্জীবন এবং বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট এই রায় বাতিল করে সকল আসামিকে খালাস দেয়, যা নিয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে।