জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১১ অপরাহন, জুলই ৩১, ২০২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত। একইসঙ্গে, পূর্বে অব্যাহতি পাওয়া ১০ নেতার প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এই আদেশ দেন।

আদালতের নির্দেশনায় যে ১০ নেতা পুনর্বহাল হয়েছেন, তারা হলেন— ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (সিনিয়র কো-চেয়ারম্যান), এবিএম রুহুল আমিন হাওলাদার (সিনিয়র কো-চেয়ারম্যান), মো. মুজিবুল হক চুন্নু (মহাসচিব), এম এ রাজ্জাক খান (দপ্তর সম্পাদক-২), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম),
নাজমা আকতার (ফেনী), জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল), মোস্তফা আল মাহমুদ (জামালপুর),জসীম উদ্দিন (নেত্রকোনা), আরিফুর রহমান খান (গাজীপুর) — এরা সকলেই প্রেসিডিয়াম সদস্য।

আদেশে বলা হয়, মামলাটি বিচারাধীন অবস্থায় জিএম কাদের গঠনতন্ত্রের ২০(১)(ক) ধারা প্রয়োগ করতে পারবেন না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ও মাহমুদ আলম সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বিরত থাকবেন। একই সঙ্গে জ্যেষ্ঠতার ভিত্তিতে পার্টির কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্র লঙ্ঘন করে জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেন। পরে ২০২০ সালের ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন, যা অবৈধ দাবি করে আদালতে মামলা করা হয়।

সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রেসিডিয়াম সদস্যসহ ১০ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের। এরপরই তাদের নাম দলীয় ওয়েবসাইট থেকেও মুছে ফেলা হয়।

Nagad